টাঙ্গাইলের ধনবাড়ীতে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইনজেকশন দেওয়ার পর চাদনী (৯) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ধনবাড়ী আল মদিনা হাসপাতালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত চাদনী উপজেলার একটি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্বজনদের অভিযোগ, টনসিল অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করার পর অপারেশনের প্রস্তুতিকালে শিশুটিকে একটি ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর থেকেই চাদনীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে অচেতন হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা জানান, এরপর দ্রুত তাকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তারা এ ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স